| কবিতা | বিভার চোখে জন্ম নেওয়া শহর |
| কবি | রাফাত আহমেদ |
| উৎসর্গ | বিভাকে |
| কবিতার বিষয় | প্রেম |
বিভার চোখে জন্ম নেওয়া শহর
রাফাত আহমেদ
শহর
প্রতিটি অস্তিত্ব সংকটের জবানবন্দী,
কড়া নাড়ে কয়েক হাজার কোটি সেকেন্ডে।
মগজ ফ্রাইয়ে লবণ কম বলে তীব্র ভর্ৎসনা
দেয়া চাটুকার নির্ধারণ করে জীবন।
দিকে দিকে আলোর বিচ্ছুরিত কিরণ
যেন নতুন ভাবে বাঁচায় কাউকে
আবার পাখিদের নীড়ে
মৃত্যুর দিন গুনাই।
রিকশাওয়ালার কমদামি সিগারেটের
ধোঁয়ায় যখন মাঝে মাঝে
জেগে ওঠে রবী, নজরুল,
তখনি শহরে নামে রাত।
এই শহরকে ঘিরে যখন
এতো আয়োজন
তখন হোক আরেকবার যাওয়া
বিভার চোখে জন্ম নেওয়া শহরে।