কবিতা শুধু একদিন
কবি প্রতাপ মণ্ডল
সময় (ডিসেম্বর ২০২২, সন্ধ্যে )
উৎসর্গ সন্ধ্যা মণ্ডল
লিখার স্থান ব্যারাকপুর
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

আমি রোজ এসে ফিরে ফিরে যাই, শুধু তুমিই আর আসো না
একদিন তো আসতে পারো আশালতা! শুধু একদিন……
সেদিন ছিলো শেষদিন, তারপর তুমি আর আসো নি….!
শরৎ চলে গেছে কাশের দোলায়, হেমন্তও বিদায় নিয়েছে
তারপর কত বসন্ত যে চলে গেছে, তার হিসেব করিনি আমি…..
একটা সম্পর্ক কেমন করে হারিয়ে যায় তাই না….!
তুমি আর নেই, আমার অভিমানী মন যে কিছুতেই বোঝে না।
সে কেবল তোমাকেই খোঁজে তার পলকহীন দু’চোখে…..
এক-একটা করে দিন যায়, আমার অপেক্ষারা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
তবে কি জানো! এই অপেক্ষার মাঝেও একটা ভালোলাগা আছে।
তোমাকে কল্পনায় দেখতে পাই, তুমি নীল শাড়িটার কুঁচি ধরে
আলতো পা ফেলে ফেলে আমার দিকেই এগিয়ে আসছো….
তুমি কাছে এলেই আমি তোমার গা থেকে ভেসে আসা সেই চিরচেনা গন্ধটা পাই।
এ গন্ধ আমার খুউব চেনা, আমার খুউব প্রিয় গন্ধ এটা
একবার শুধু কাছে পেতে চাই তোমাকে, তোমার সমগ্রটা…….
নদীর পাড়ে আমরা দু’জনে খুব কাছাকাছি বসবো, তোমাকে স্পর্শ করবো।
আমার চোখের দিকে তাকিয়ে দেখো……
আমার দু’চোখ কি লোভে চকচক করছে, নাকি ভালোবাসায় ভরা!
মধ্যাহ্ন পেরিয়ে আজ আমার শরীরে বাসা বেঁধেছে জরা….
তবু একবার তোমাকে কাছে পেতে চাই, শুধু একবার….
নদীর পাড়ে তোমার কোলে মাথা রেখে শোবো….
আমার দৃষ্টি দিয়ে তোমার পায়ের আঙ্গুলগুলো বার…বার ছোঁবো।
আমার প্রায় সাদা হয়ে আসা চুলে, তোমার আঙ্গুলগুলো দিয়ে বিলি কাটবে
আর আমি, পরম আবেশে আমার দু’চোখ বুজবো……
আমি শুনবো তোমার না বলা কথাগুলো
কখনো খিলখিল উঠবো হেসে, কখনো তোমায় জড়িয়ে ধরবো!
তোমার দু’চোখে যদি অশ্রুর ঢল নামে,
তবে তোমার বাঁধভাঙ্গা অশ্রু আমার মুখের ওপর পড়ুক ঝরে।
প্রতিটা অশ্রুবিন্দুতে জন্ম নিক এক-একটা হৃদয় ছোঁয়া কবিতা,
একদিন আসবে…! শুধু একদিন আসবে আমার কাছে, আশালতা…!

guest
0 Comments
Newest
Oldest Most Voted