| কবিতা | তারা জানলো না |
| কবি | প্রতাপ মণ্ডল |
| কাব্যগ্রন্থ | অপ্রকাশিত |
| সময় | (জানুয়ারি ২০২১, সকাল ) |
| উৎসর্গ | সন্ধ্যা মণ্ডল |
| লিখার স্থান | ব্যারাকপুর |
| সম্পৃক্ততা | জীবনমুখী |
| কবিতার বিষয় | জীবনমুখী |
তারা জানলো না
———- প্রতাপ মণ্ডল
সেসব দিন হারিয়ে গেছে, এসেছে দেহ মনে জরা
কালের স্রোতে সবই কেমন হারিয়ে যায়!
শৈশব ছিলো হাসিখুশি খেলাধুলা, দুস্টুমিতে ভরা
আজ হঠাৎ কি জানি কেনো পিছনে তাকাই!
মায়ের বকুনি ছিলো, ছিলো পড়া না করার শাস্তি
নীলডাউন ছিলো আরো ছিলো কানমলা,
বেতের ছড়ি ছিলো, ছিলো শিক্ষকদের স্নেহের শাসন
বন্ধুদের সাথে ভাব ছিলো,জড়িয়ে ধরে গলা।
স্কুলের টিফিন ছিলো, মুড়ি, লুচি, কখনো বাসি ভাত
হুটোপুটি করে টিফিন ভাগ করে খাওয়া,
হারিয়ে গেছে সেসব দিন, শৈশবের বন্ধুরা ছেড়েছে হাত
আর হবে না হয়তো তাদের ফিরে পাওয়া!
দিন যায়, মাস যায়, বছরও যায় গুটিগুটি পায়ে চলে
জীবন বদলে গেছে, আমরা হয়েছি আধুনিক,
মনটা আর আধুনিক হলো কই! রয়ে গেছে সেকেলে
এখনকার শৈশব দেখি, ওরা বড়ো যান্ত্রিক।
খেলাধুলা নেই, কানামাছি নেই, নেইতো কুমিরডাঙ্গা
যান্ত্রিক যুগে যন্ত্রে মেতেছে সব শিশুদের মন!
তারা জানলো না শৈশব কি! ওদের খেলনা ভাঙ্গে না।
আরো আধুনিক হলে যুগ-
শৈশব বলে কিছু আর থাকবে না তখন!