কবিতা কবিতায়
কবি প্রতাপ মণ্ডল
সময় (ডিসেম্বর ২০২২, সন্ধ্যে )
উৎসর্গ সন্ধ্যা মণ্ডল
লিখার স্থান ব্যারাকপুর
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

এই যে তুমি চলে গিয়েও আর চলে যেতে পারো না
বুকে জমাট বাঁধা কান্না, কিছুতেই বাইরে আসে না
কিছুটা এগিয়ে গিয়েও আবার ফিরে আসো
নিজের অজান্তে আমাকে তবে ভালোবাসো?
কালও তো ভেবেছিলে আমার কাছে আর আসবে না!

পায়ে পায়ে রোজ, সেই আমার কাছেই এসে ধরা দাও
আমিতো অচেনা তোমার! তবে কেনো আসো আর যাও
আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবো এতো?
চেনা লাগছে, তবু চিনতে পারছো না ঠিকমতো!
তুমি প্রতিদিন নিজেকে নিয়ে ভাবনার সাগরে পাড়ি দাও।

আমি এক পথিক মাত্র, তাইতো পথে পথে হেঁটে যাই
হয়তো হেঁটে গেছি তোমার রাস্তায়, দেখেছো আমায়!
হয়তো হবে সে অনেক আগেকার কথা..!
তারপর ঝরে গেছে জীবনের কত পাতা!
দূর ছাই! আমিও কি চিনতে পারি নাকি তোমায়…!

তবুও আনমনে কবিতায়, তোমার কথা লিখেই ফেলি
তোমাকে কাছে পাই, দু’জনে সারাদিন কত কথা বলি
একটু একটু করে সরিয়ে দিই অবগুন্ঠন
তোমার মুখ দেখে বোঝার চেষ্টা করি মন
গোধূলি এলেই তুমি বলো, “হাত ছাড়ো, আজ চলি।”

guest
0 Comments
Newest
Oldest Most Voted