কবিতা এখনো সে আসে
কবি প্রতাপ মণ্ডল
সময় (ডিসেম্বর ২০২১, সন্ধ্যে )
উৎসর্গ সন্ধ্যা মণ্ডল
লিখার স্থান ব্যারাকপুর
সম্পৃক্ততা প্রকৃতি
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

অনেকদিন পর শীত এলো। বহু প্রতীক্ষিত সে। শীত এলো সোয়েটারে-কম্বলে-চাদরে-লেপে। শীত এলো সকালের মিষ্টি রোদে। শীত এলো গাছেদের সবুজ পাতায়, শীত এলো কুয়াশার চাদরে মুড়ে। শীত এলো অঘ্রায়ণের শেষে শীত এলো নবান্নের পরে।

অথচ তার আগেই আসার কথা ছিল ! আসবো আসবো করেও আসতে পারেনি হয়তো কোনো কারণে ! তবু তো এসেছে ! সে তার কথা রেখেছে। সে তার কথা রাখে গাছের পাতা ঝরিয়ে রুক্ষতায় ভরিয়ে তার চিহ্ন রেখে যায়। জানিতো সে আসলেই কত মানুষ অসহায়। তবুও সে এই সময়ে আসে। সে যে আমাদের ভালোবাসে। পৌষ আসে তাইতো সে আসে। মাঘের আকাশে রেখে যায় একফালি ঘোলাটে চাঁদ।

শীত এলেই আমি বড়ো খুশি হই। পিঠে-পায়েসের ধুম আর শীতকে কম্বলে জড়িয়ে লম্বা ঘুম। কখনো সরুচাকুলি কখনো দুধপুলি, বেশ চলে নতুন গুড়ে ডুবিয়ে ! শরীরটা আর একটু তরতাজা করে নিই ঠান্ডা-গরম জলে নিজেকে চুবিয়ে। কখনো পিকনিক পাড়ায় কষা মাংস আর ফিস ফ্রাই। সবসময় হজম হয়না কখনো প্রাণটা আইঢাই। তবুও চলে গরম কফিতে সুখের চুমুক কখনো বা খালি গায়ে রোদের মিষ্টি ওম। আহা, শীত যে বড়ো প্রিয় ঋতু, এক সুখের আবেশ পরম। আসলে শীত আসে কমলালেবুর কোয়ায় আর নতুন গুড়ের মোয়ায়।

জানি কেউ কেউ বলবে,ফুটপাথে পড়ে থাকা অসহায় মানুষ আর অসহায় কত পশু-পাখি ! জানি তারা বড় অসহায় ওটুকু বাদ দিলে একচিলতে সুখ বাদবাকি। নিদেনপক্ষে চব্যচষ্য খাওয়া আর সময়ে-অসময়ে একটু ঘুমিয়ে নেওয়া।

তবে শীতে হারিয়েছেও অনেককিছু। হয়না দেখা আর কুয়াশার চাদরে মোড়া গ্রাম আখের গুড় জ্বাল দেওয়া। হারিয়েছি ছোট্ট নালা ছেঁচে চুনো মাছ ধরা আর চাদর মুড়ি দিয়ে দুলে দুলে বই পড়া। তবু এখনো শীত আসে, লেপে-কম্বলে-চাদরে-সোয়েটারে মুড়ে, এখন বড় আলসেমি আমার সারা শরীর জুড়ে….

কলমে — প্রতাপ মণ্ডল

guest
0 Comments
Newest
Oldest Most Voted