কবিতা পথের সাথী
কবি পার্থ বসু
কাব্যগ্রন্থ কুয়াশা যখন
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

পথের সাথী, পথের সাথী পথেই হলো দেখা,
দিবা-নিশি জীবনখানি পথেই বুঝি থাকা।
চলতে পথে এই জীবনে কতই সাথী হলো,
পথের মোড়ে অন্য পথে হারিয়ে আবার গেল।

​খেলার সাথী কালকে ছিল, আজ যে বড় সবে,
ভিন্ন পথে ছুটছে সবাই—কেমনে দেখা হবে?
আজও ফোটে খেলার মাঠে নাম না জানা ফুল,
জীবন পথের বাঁকে হারায় মেঠো পথের ধুল।

​সেদিন উড়িয়ে পায়ে পথের ধুল স্বপন হতো আঁকা,
অবুঝ এ মন জানত কি আর এ পথ এমন বাঁকা?
শৈশবে ওই সাথী যারা, কৈশোরে নেই সাথে,
কৈশোরের ও সাথী হারায় যৌবনেরই পথে।

​শিক্ষা ক্ষেত্রের সাথী যারা কর্মক্ষেত্রে নয়,
জীবন চলার পথেই সাথী শুধুই আসে-যায়।
পথের সাথী চলবে সাথে অপেক্ষাতে মোড়,
সেই মোড়েতে ভিন্ন পথে খুলবে নতুন দোর।

​আবার পথে নতুন সাথী সঙ্গে দেবে পাড়ি,
নতুন কোনো পথেই হবে আবার ছাড়াছাড়ি।
পথের সাথী, পথের সাথী পথেই হবে দেখা,
জীবন পথে দিন ফুরালে দেখবে তুমি একা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted