| কবিতা | মাতৃভূমি |
| কবি | নিলুফার গনি |
| কাব্যগ্রন্থ | মেঘ বৃষ্টি রোদের দেশ |
| উৎসর্গ | সকল শহিদ মুক্তি যোদ্ধা ও বীরাঙ্গনার প্রতি |
| লিখার স্থান | বনানী, ঢাকা |
| সম্পৃক্ততা | মাতৃভূমি |
| কবিতার বিষয় | বাংলাদেশ |
লক্ষ তারার হীরক মালায়
হাজারো নদীর জালে ঘেরা,
সবুজ ঘাসের স্নিগ্ধ গালিচায়,
আমার সোনার দেশটি মোড়া।
পদ্মা, মেঘনা,যমুনার নীরে
ঢেউ ঢেউ এ ছুঁয়ে থাকা প্রীতি,
রাখালের বেণুর সুরে ফিরে
ঝিলমিল হাসি-কান্নার স্মৃতি।
রুদ্র তপনের নিদাঘ প্রহরে,
ক্লান্ত যখন জলহারা প্রান্তর,
প্রমত্তা বর্ষার বৃষ্টির নুপুরে
চারদিকে শুধু সবুজের লহর।
বর্ষার নদীর টলোমলো জলে
সবুজ পাতায় লাজুক শালুক,
সোনালি রবির রৌদ্র কোলে
মেলে দেয় তার গোলাপী চিবুক।
শরতের নীল অম্বরী অনুরাগে
ছুঁয়ে থাকে রূপালি কাশের মায়া।
শিশির সিক্ত ঘাসে দোলা লাগে
শিউলী ভেজা সমীরণের ছোঁয়া
হেমন্তের সোনালি শষ্যের ফুলে
মমতা মাখা কিষাণের ঘাম,
পাল্লা পাথরের কষ্টিমূল্যে
নাই তুলনা তার শ্রমের দাম।
কুহেলীর সফেদ চাদরের ছায়ায়
মলিন শীতের রিক্ত পাতার ভেলা,
ফাগুনের যাদুর কাঠির ছোঁয়ায়
হয় লাল, নীল, বেগুনী ফুলের মেলা।
লাখো শহিদের রক্তের স্নানে
লালসবুজের এ মোর জন্মভূমি,
দোয়েল, বুলবুলির মধুর গানে
প্রতি নি:শ্বাসে মিশে আছো তুমি।