| কবিতা | বাংলা আমার প্রাণ |
| কবি | নিলুফার গনি |
| কাব্যগ্রন্থ | যৌথ কাব্যগ্রন্থ “ স্মৃতির পাতায় কবিতা” |
| সময় | ২০২২ |
| লিখার স্থান | বনানী, ঢাকা |
| সম্পৃক্ততা | স্বদেশপ্রেম |
| কবিতার বিষয় | বাংলাদেশ |
বাংলা আমার মায়ের কোল,
আমার প্রথম সুর ।
বাংলা আমার প্রাণের হিল্লোল,
স্বপ্নসুখের অঙকুর।
বাংলা আমার সবুজের অঞ্জন,
বাংলা আমার শিকড়।
বাংলা আমার হৃদয়ের ব্যঞ্জন,
নভঃললাটে নক্ষত্রনিকর।
বাংলা আমার পদ্মা, মেঘনা
যমুনার ঢেউ এর শব্দ মুকুর
রাখালিয়া বেণুর হাসি কান্না,
জারি, ভাটিয়ালি গানের সুর
বাংলা আমার স্বপ্নসারথী,
রংধনু রঙে স্বপ্নিল প্রাণ।
মেঘপালকে ঝিরিঝিরি নদী,
শঙ্খশালিকের নিদভাঙ্গা গান।
বাংলা আমার ভাই এর রুধির,
বোনের নীরব অশ্রুর নীর।
নববিক্রমে ঝলকানো আবির,
হায়েনার বুকের বিদ্ধ তীর।
বাংলা আমার বেদনাবল্লভ,
না ফোটা রঙ্গনকলি,
বাংলা আমার সিক্তপল্লব,
না বলা পাখির কাকলী।
বাংলা আমার চিরন্তন ভালবাসা,
পাঁপড়িতে ঢাকা আবেগ।
শব্দে গ্রোথিত সুপ্ত আশা,
শুভ্র পালকের চিত্রলেখ।
বাংলা আমার শ্বেত কপোতী,
আলপথে হাটা কিষানের হাসি।
সকল অশুভতার অভিঘাতী,
অভীক লড়াকুর রণভেরী বাঁশী।
আমি বাংলায় গেঁথে যাব মালা,
হাটবো বাংলার বীথিকায়।
পুষ্পিত হোক দু:খিনীর স্বপ্নডালা,
রৌদ্রলহরী ঝরুক মৃত্তিকায়।