কবিতা বাংলা আমার পরিচয়
কবি নিলুফার গনি
সময় ফেব্রুয়ারী, ২০২৬।
উৎসর্গ ভাষা সৈনিক দের প্রতি।
লিখার স্থান বনানী, ঢাকা
কবিতার বিষয় বাংলাদেশ
Review This Poem

বাংলা আমার মায়ের মুখের মধুর উপহার,

বাংলা আমার আকাশকোলে সাদা মেঘের হার।

বাংলা আমার রাতের তারার হাজার অংশুমালা,

পাপড়িপাতার নীড়ে লুকোনো স্বপ্ন কলির ডালা।

বাংলা আমার প্রজাপতি রং, কাব্যপ্রেমের নির্ঝর,

লক্ষ রত্নের দ্যুতি ভরা আপন পরিচয়ে ভাস্বর।

বাংলা আমার সবুজ ঘাসে ঘাস ফরিং এর মেলা,

পদ্মা, মেঘনা, যমুনার বুকে রূপালি ঢেউ এর খেলা।

বাংলা আমার রাখাল ছেলের উদাস বাউল বাঁশি,

সোনার ফষল হাতে ধরা কিষাণ মুখের হাসি।

বাংলা আমার কিষাণভাই এর শক্ত হাতের জোয়াল;

রোদ, বৃষ্টি, ঝড় কোন কিছুতে ছাড়ে না যারা হাল ।

বাংলা আমার কৃষ্ণচূড়ার আলতারাঙা লাল,

খোকার জন্য চেয়ে থাকা মা চাতকীর অশ্রুসিক্ত গাল।

বাংলা আমার বোনের ছেঁড়া আচলের দান,

আমার ভাই এর শপথ নেয়া রক্তে ভেজা প্রাণ।

বাংলা আমার আপন শিকড়, আত্ম পরিচয়,

রক্তের প্ল্যাকার্ডে লেখা অবিণাশী শব্দের জয়।

বাংলা আমার শিরায় শিরায় তেজস্বী চেতনা,

সকল অশুভতার বলয় ভাঙ্গনের প্রেরণা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted