কবিতা পঁচিশে মার্চ
কবি নিলুফার গনি
সময় মার্চ, ২০২৬।
উৎসর্গ সকল শহিদ মুক্তি যোদ্ধা ও বীরাঙ্গনার প্রতি
লিখার স্থান বনানী, ঢাকা
সম্পৃক্ততা বাংলাদেশের ১৯৭১ সালের পঁচিশে মার্চের কালরাত্রির ঘটনার সাথে
কবিতার বিষয় স্বাধীনতা
Review This Poem

পঁচিশে মার্চ

আমরা ভুলিনি ভুলিনি সে রাত;
কৃষ্ণপক্ষের সেই রক্তাক্ত অভিঘাত!
নীরব নিথর নিষ্কম্প সেই ভয়াল রাতে
তিমিরের সর্বগ্রাসিতার অনুনাদে;
যখন বিষাক্ত শ্বাপদদের হাতে
নির্মম হত্যাযজ্ঞের দামামায়
কেঁপেছিল বাংলার আকাশ বাতাস।
নির্দোষ ঘুমন্ত বিহগেরা নিস্তব্ধ তিমিরে
লুটিয়ে পড়েছিল হায়েনার তীরে
অপারেশন সার্চলাইটের নীল নক্ শায়
রক্তের বন্যায় ভেসেছিল শহর শকুনির পিপাসায়

মুহুর্মুহু বিলাপের বাকহারা আর্তনাদ
মাটির কোনায় কোণায় গড়ে তুলে প্রতিবাদ
রাতের বোবা বৃক্ষ ছায়ার ঘন আঁধার
মানুষরূপী হায়েনাদের বর্বরতার
সাক্ষী হয়ে স্ট্যাচু র মত ছিল দন্ডায়মান।
মৃত্যুর মিছিলে জনপথ ছিল সয়লাব
সিক্ত মৃত্তিকায় আজও সুপ্ত ছিন্ন মাধবীলতা র প্রলাপ
রক্তের জবাবে মিলেছিল সেই রক্তের জবাব
সেদিনের সেই অভিঘাতী খেলায়
সব রক্তাক্ত আত্মার শপথমেলায়
বেজেছিল বাংলার স্বাধীনতার রণতূর্য,
এক সমূদ্র রক্তের বন্যায়
বাংলার আকাশে উঠেছিল নতুন সূর্য।
লাখো শহীদ, মুক্তিসেনা আর বীরাঙ্গনা,
কিশোর, বুদ্ধিজীবির রক্তের আলপনা ,
এঁকেছিল বাংলার লাল সবুজের রঙ্গনা।
অর্গল ভেঙ্গে উড়েছিল বন্দী খঞ্জনা।
বিজয়ের সূর্য ফেলেছিল পলক,
বাংলার সবুজ আংরাখায়।
ঝরেছিল লক্ষরাশি আলোক—
নীল আকাশের শুভ্র মেঘমালায়।

যুগ যুগ ধরে এমনি করে
আলোর প্রহরীদের মশাল উঠবে জ্বলে
অবদমিত প্রাণের চেতনে
ঘটবে ক্ষোভানলের বিস্ফোরণ ,
উড়ন্ত লালসবুজের কেতনে
বার বার হবে নব বিজয়ের অভ্যুত্থান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted