কবিতা জীবন সুন্দর
কবি নিলুফার গনি
কাব্যগ্রন্থ মেঘ বৃষ্টি রোদের দেশ
সময় জানুয়ারি ২০২৪
লিখার স্থান বনানী, ঢাকা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

জীবন সুন্দর

জীবনের সবুজ অলিন্দ
নয় শুধু ঘাসফুলের পালকে ঢাকা
আঁকাবাঁকা সরনীর ফাঁকে
ছড়িয়ে আছে গোলাপফুলের কাঁটা
তবুও এ জীবন অনেক সুন্দর
এ জীবনে নয় শুধু প্রয়োজন—
রাশি রাশি হিরে জহরত,
জৌলুসভরা বৈভব রতন,
ঢাক ডোলের বেদম মহরত।
নাই বা থাকুক মণিমাণিক্য;
থাকুক শুধু শুভ্র দর্পণ।
না থাকুক রংধনু রং এর পালঙ্ক;
থাকুক মিষ্টি রোদের আলাপন।
নীল আকাশের শুভ্র মেঘে
আছে অনেক মুক্তো মালা,
সেখান থেকে রৌদ্র মেখে
ভরাব মোদের সোনার ডালা।
ঘাসগালিচায় মাথা রেখে
হাত ভেজাব শিশির নীরে,
হাসনাহেনার ঘ্রাণ মেখে
বাতাস বইবে ঝিরঝিরে।
উঠবো না পিরামিডের শিখরে
মদির নিয়নের আলোয়,
চাঁদের আলোয় মাটির শিকড়ে
ভরবে মোদের ছোট্ট নিলয়।
নিখাদ শ্রমের ঘর্মবিন্দুতে
হেটে যাব কাঁটাভরা বীথিকায়—
শুভ্রতার শিশির সিন্ধুতে
ফুটবে ফুল সবুজ বাগিচায়।
পূর্ণিমার সোনাঝরা রাতে
হাত ভেজাব আলোর আংরাখায়,
নিমীল—নয়নে হাত রেখে হাতে
বৃষ্টি ঝরবে বিশ্বাসের চন্দ্রিমায়।
রোদ বৃষ্টির খেলাঘরে
বহে যদি ঝড়ের মৃদঙ্গ;
সাহসী হয়ে যাব লড়ে
ফিরিয়ে আনব শান্ত অনঙ্গ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted