কবিতা দূরত্বের তেরোসীমা
কবি মুয়ায আবদুল্লাহ
লিখার স্থান মোহাম্মদপুর, ঢাকা
কবিতার বিষয় বিরহ
2.7/5 - (3 votes)

রাতের বার্ধক্য নেমে এলে হিমের ডানায়—
অবোধ অভিমানে বুকের পাড় ভেঙে যেতে থাকে,
অথৈ বিষাদ হামলে পড়ে রুগ্ন করোটির ভেতর।
এ এক অদ্ভুত নিরীহ সময়—যার গায়ে লেগে থাকে
পারস্পরিক মৌনতা।

থাকে কোলাহল ভরতি আয়ু
অথচ নিঃশ্বাসে জীর্ণ সকাল, সহজতর দূরত্ব।
ভুলে যাবার বাহানায় আরও বেশি করে
গেঁথে যায় পাহাড়ি রক্তজবা, জলপাইরঙ।

হু হু করে বইতে থাকে
খোয়া সাগরের লিলুয়া বাতাস—কে কাকে ছেড়ে যায়? অজুহাতে মুখ ঢাকি, নিজের কাছেই করি
নিজেকে আড়াল—ভঙ্গুর যাপনের দিন।
এতো রিক্ততা সয় কোন পথিকের চোখ, কে-ই বা জড়িয়ে রাখে তাকে পরম মায়ায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted