কবিতা আর্তনাদ
কবি মিটু সর্দার
সময় অক্টোবর ২০২২
লিখার স্থান সৌদি আরব
Review This Poem

বুকের ভিতরটা আজ দগ্ধ হচ্ছে অনুশোচনায়
কিচ্ছু করতে পারিনি, কতো আর্তনাদ শুনেছি
নিষ্পলকে দ্যাখেছি আর্তনাদের ভঙ্গি —
দু’হাত তুলে, মাটিতে গড়াগড়ি খেয়ে, পা ছুঁয়ে।

শুনেছি আবরার ফাহাদ – বিশ্বজিৎ-এর আর্তনাদ
কেঁপে উঠে কেঁদে ছিলো হৃদয়, – ওঁরা ছিলো নির্দয়
জীবনের মূল্য কচুরিপানার মতো-স্টিগার চাপলে-ই শেষ
বিচার বাদুড়ের মতো ঝুলে থাকে আদালতে।

শুনেছি কাঁটাতারে ফেলানীর বিভৎস আর্তনাদ
নুসরাত জাহান রাফির লোমহর্ষক আকুতি —
অকর্ণ পৃথিবী আজ বধির, বিকলাঙ্গ —
মেরুদণ্ডহীন বিচার ব্যবস্থা।

শুনেছি সীমান্তে ওপারে তাবরেজ আনসারীর আর্তনাদ
দৌড়িয়ে দৌড়িয়ে ক্ষমা ভিক্ষে চেয়ে রিফাতের আর্তনাদ
পৃথিবী তন্দ্রাচ্ছন্ন, নেশাগ্রস্ত ক্ষমতার —
আকুতি-মিনতি-কাকুতির ধারে না ধার।

শুনেছি লাশকাটা ঘরে পোস্টমর্টেমকৃত লাশের আর্তনাদ
রিমান্ডের নামে নির্যাতিত নিপীড়িত মানুষ গুলোর বেদনাদায়ক আর্তনাদ।

২৩/১০/২০২২ইং, সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted