কবিতা বিপ্লব
কবি মো. রিদওয়ান আল হাসান
উৎসর্গ সত্যানুরাগী সকলকে
লিখার স্থান ঢাকা
সম্পৃক্ততা ছাত্র-জনতা অভ্যুত্থান ২০২৪
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, বাংলাদেশ, রূপক
Review This Poem

সাতটি আকাশের বুকে হাজার হাজার নক্ষত্রের তীব্র আলো,
সাতটি মহাসমুদ্রের জলে শহিদের স্বজনের নীল বেদনা,
সাতটি জীবনের গল্পের স্বাদের সুরার দুঃসহ তিক্ততায়-
মনে পড়ে,
উদয়াচল পর্বতের নীরব বিপ্লবের স্মৃতি, সেই বিপ্লব-
এই বাংলায় আসে কি বারবার?

মহাজগতের আবহের তীব্র আর্তনাদ আর গোপন কথা,
জুলুমাতের তীব্র অন্ধকার নিজাম,
নৃশংস চিৎকারে শূকরীর প্রসব বেদনা-
আর গায়রে মুশাক্বাফের দুর্বৃত্তির ঘূর্ণি,
জন্ম দেয়-
আকণ্ঠ যন্ত্রণায় আত্মঘাতী শিশু, বিপ্লব অনুগত শিশু।

সুদিন বেহাত ঐতিহাসিক গাথা গাঁথার প্রাক্কালেই,
তবু, আশা-নিরাশার দ্বৈত মৌলের মহাকাশযানে-
লিখা থাকে বিপ্লব পরবর্তী প্রেমের কথা, বিপ্লব শেষে তোমার সাথে সংসার।
সমযোজী না আয়নিক-
কোন মানবিক বাঁধুনিতে জন্ম নিবে মীমাংসিত বিপ্লবের শিশু?
যদিও মানবতা নিখোঁজ হয়ে গেছে সেই কারবালার ক্রন্দনে-
অনেক- অনেক আগে,
ফোরাতের স্রোত তা জানে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted