কবিতা ব্যাকস্পেস
কবি মোঃ আবীর খান
সময় ০৩ অক্টোবর, ২০২২
উৎসর্গ যারা গিয়েছে ছেড়ে
লিখার স্থান কবি কুটির
কবিতার বিষয় প্রেম

আমার মন ভালো নেই জানো?
আমার কান্না পাচ্ছে ভীষণ!
সবটুকু বলা গেলেও দুঃখ বলা বারণ!
বললে তুমি আগলে রাখবে আমায়?
মানুষ যা চায় তা সব অল্প করেই হারায়!
জমতে থাকা অভিমানেরা হঠাৎ
আঙুল ডগায় জমতে থাকে এসে,
একগাদা সব আবেগ লিখতে গিয়ে
এলোমেলো হয়ে কাটা পরে ব্যাকস্পেসে!
যন্ত্রণার এই তীব্রতর আবেগ,
দিনশেষে এক একলা ওড়া মেঘ-
এত্তবড় আকাশ ভীষণ নীল
বেদনারা জমে কান্নায় অবলীল!
আমায় নাহয় এইটুকু সময় দিও
যেটুক দিলে ছেড়ে যাবে না শেষ রাত্রির ট্রেন-
যেটুকু নেয়ার ততটুকই নিয়ে নিও
ফুরাবে না তবু জীবনের লেনদেন!
কীবোর্ড চেপে মনের কথাগুলো
শব্দে ভীষণ আঁটোসাটো হয়ে আসে-
কান্নারা জমে, চুলগুলো অগোছালো
জোনাকিরা আজও আঁধারই ভালোবাসে!
কথাগুলো ওঠে শব্দের আদলে
কার্সর থামে জ্বলে নিভে কোল ঘেঁষে-
আঙুলগুলো কেঁপে কেঁপে ওঠে তবু
কথাগুলো শেষে কেটে যায় ব্যাকস্পেসে!
না বলা সব মনের মাঝে জমে
লেখায় ওঠে না, নিয়নের শহরে-
কাছে এলেই বুঝি ভালোবাসা পাওয়া যায়?
ছুঁয়ে দিলেই বুঝি ভীষণ আদুরে?
স্পর্শটুকু মিথ্যেও হতে পারে
আদর করাটা হয়তো একপেশে,
সত্যগুলো মনেই রয়ে যায়
কাটা পরে সব কীবোর্ডের ব্যাকস্পেসে!
যেটুকু লিখিনি সেটুকু বুঝে নিও
সবকিছু কি আর লেখা যায় দিনশেষে?
লিখতে গিয়েও থমকে দাঁড়ায় হাত
কেটে যায় সব কীবোর্ডের ব্যাকস্পেসে!
বলিনি তবু বলা হয়ে গেছে মনে
শুনোনি তবু শুনে নিও কাছে এসে-
মনে করো নাহয় কথাগুলো জমে আছে
যেগুলো এতদিন কেটে গেছে ব্যাকস্পেসে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments