কবিতা আমাকে ছুঁয়ে যাও
কবি মামুনুর রহমান
কবিতার বিষয় বিরহ

একটু ছোঁয়া দাও, আমার নষ্ট-আবর্জনাময় শরীরে, যে বড় প্রত্যাশী
মেঘের ছায়ায় আর গভীর ভালোবাসায় রূপান্তর ঘটে অভ্যন্তরে,
অনেকদিন আমি উপলব্ধি করিনি কী তার স্বাদ আরক্ত শিশিরে
ঠোঁটের কোণে কিভাবে ঢেউ খেলে যায় শরীর থেকে শরীরে গভীরভাবে
আলিঙ্গনের পর কতক্ষণ কাঁপতে থাকে আমাদের অভ্যন্তরে ভেজা রক্তপদ্মে;
অমল জ্যোৎস্নায় ছুঁয়ে দেখছ তা-কখনও, কেঁপে-কেঁপে স্বপ্নের গভীরে
সব ভুলে গেছি রূপান্তরের স্বপ্নলোকে;আঙুলের কোমল ছোঁয়ায়, শিহরণে
তোমার অপার্থিব হীরকখচিত স্বর্ণের শরীর, ঢেউ খেলানো মসৃণ সৌন্দর্য আর ঝর্ণাস্রোতে ব’য়ে যাওয়া গোলাপী আভা, যেন ছিটিয়ে-ছিটিয়ে মাধুর্যময় পথে স্বর্ণ ছড়াচ্ছ ইস্পাতমিশ্রিত কঠিন শরীরে, পদ্ম আর জ্যোতির্ময় চোখের কোণে আমি হেঁটে যাচ্ছি মধুমতী, শৈলদাহ, বারাসিয়া আর ঘাঘর নদীর পাড় ধ’রে; চাঁদ আর জ্যোৎস্নার সাথে কথা বলে-বলে, নিসর্গ আশ্বিনের সন্ধ্যার বাতাসে মুহূর্তে ছুঁয়ে যাও, ঠোঁটের কোমল স্পর্শে, কেঁপে উঠা আঙুলের শ্রাবণজলে,তোমার সাম্রাজ্যেয় তুমি সম্রাজ্ঞী, মাতাল আমি বিবর্ণ মধ্যেদিনে-বিস্তৃত ভূমিতে যদি চোখ রাখি তোমার নীল ঢেউয়ে, চাঁদ আর নরম ঘাস ফুলের সন্ধ্যাতারায়, কোমল শিশিরে আমাকে ছুঁয়ে যাও, ঘন বৃষ্টির সন্ধ্যার আকাশে, শব্দহীন বু’কে গাঢ় রাত্রি এসে মিশে যায় অপূর্ব দুই ঠোঁটের কোণে-ভালোবাসার মসৃণ স্পর্শে, দৃষ্টি দাও, উজ্জ্বল রঙে, শব্দমালার গভীরে, প্রোজ্জ্বল রৌদ্রলোকে, গভীর মননে আমার কঠিন আঙুলে, বিষণ্ণ ভাবনায় তারা খেলা ক’রে যায় নির্মল সৌরভে;
স্তব্ধ দিনে রেখে যাওয়া ভাবনার গভীরে, নিঃশব্দে হারানো কণ্ঠস্বরের বাতাসে, ছুঁয়ে যাও মায়ানদীর কোমল ঢেউয়ে, ভেঙে পড়া সৌন্দর্যে, ইন্দ্রিয়ের উজ্জ্বল বিবর্ণ মাখা দিনে, মধ্যে দুপুরে গ’লে প’ড়ে ফাল্গুনের হাওয়ায় আমার মসৃণ শরীরে-নক্ষত্র পুঞ্জের বিস্ময়ে আঁধারের গভীরে, স্মৃতিরা ফিরে গেছে অতীতে, ঐশ্বর্যের বিচ্ছেদে রোপণ করি নতুন স্বপ্ন, শ্রাবণের ধারায় মিশে থাকে কোমলবাহু মুহূর্তের নিশ্বাসে, কষ্ট পাব বু’কের কোণে জমানো গাঢ় দুঃখে-দীপ্ত স্বরে, তারপরও বলি, আমাকে ছুঁয়ে যাও নির্ঝরের জ্যোতির্ময় চন্দ্রালোকের শরীরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted