কবিতা অনিঃশেষ প্রত্যাবর্তন
কবি মামুনুর রহমান
কবিতার বিষয় রূপক

সকালে আমার এখানে তুমি আসোনি;
আসতে যদি তাহ’লে ভাবনার নীলিমায় শুভ্র জ্যোৎস্নাকে ছুঁয়ে
নিস্তব্ধতা ভেঙে দিতাম; তুমি হয়তো জান না;
বিচ্ছেদে শাদা মেঘের কত গভীরতা-
জমা রয়েছে আমার বু’কে শিশিরের জলে, ছুঁয়ে যাওয়া হিমে
ভাবনার বিস্ময়ে; হৃদয়ের গভীর গহ্বরে- প্রোজ্জ্বলিত স্লিগ্ধতা
প্রসারিত শেফালির বনে, মুগ্ধ আর অপূর্ব সৌন্দর্য নিস্তব্ধতার
দিকে-দিকে; জোৎস্নার হলুদ বনে আমার হারানো শূন্য বুকে;
তুমি আসলে; হেমন্তের হলুদ রঙে ভ’রে উ’ঠে নক্ষত্রবীথি
নির্ঝরের গভীরে, হৃদয়ের প্রোজ্জ্বলিত ভেঙে পড়া সংগীতে
দুপুরে আমার এখানে তুমি আসোনি;
আসতে যদি তাহ’লে অলস দুপুরটা ওভাবে কাটতো না
ঘাস আর সমুদ্রের ঢেউয়ে; তুমি হয়তো জান না;
বিস্ময়কর শীতল সম্পর্ক মূছে যায়
মধুমতীর ঢেউয়ে আলো আর অন্ধকারের মসৃণ মেঘে-মেঘে;
তুমি কাছে থাকলে আমার কোনও নীলসন্ধ্যা জমে না
চোখের কোণে; ছুঁয়ে যাওয়া শরীরে, সৌন্দর্যের আঙুলে.
বিকালে আমার এখানে তুমি আসোনি;
আসতে যদি তাহ’লে গীতবিতান-এর উপর প’ড়ে থাকতে
পারতাম না সন্ধ্যার অন্ধকারে, নক্ষত্রের নীল আলোয় আমিও
হারিয়ে যাই নিশীথের তীব্র হাওয়ায়.
চন্দনের সুঘ্রান ব’য়ে যায় নিস্তব্ধতার উজ্জ্বল উচ্ছ্বাসে নিবিড় সুরে,
তুমি বলতো, ‘গীতবিতান’-এর কোন পাতায় আমাদের অঙ্গুলিগুলো
পেয়েছিল শ্রাবণের রুপালিধারা শিশিরের শব্দহীন জ্যোতির্ময় নীলে.
সন্ধ্যায় আমার এখানে তুমি আসোনি;
আসতে যদি তাহ’লে দু’জনে বসে কফির পেয়ালায়
মুখ রাখতাম আর শব্দমালায় ভরিয়ে তুলতাম বিস্ময়কর অন্তরঙ্গ সম্পর্ক;
অন্ধকারে অন্তরালে হৃদয়ের নিরন্তর নিঃশব্দে কোমল ঠোঁটের কোণে;
যা মিশে যেত মেঘমালায়, আশ্বিনের বাতাসে, লাল মেঘে নিস্তব্ধ
জ্যোৎস্নার ছায়ায়, শিশিরের প’রে
রাতে আমার এখানে তো তুমি আসো-ই নি, আসতে যদি তাহ’লে
হা-হা কার ক'রে উঠত না রুপালি জ্যোৎস্না একাকী মেঘের বুকে;
শতাব্দীর নিস্তব্ধতার শিশিরভেজা ফাল্গুন রাতের ছুঁয়ে যাওয়া আঁধারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted