| কবিতা | দক্ষিণ ছাতক উপজেলা- আর কতকাল দেরি! |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| সময় | ৫ জুন ২০২৬ |
| লিখার স্থান | বিয়ানীবাজার, সিলেট। |
| সম্পৃক্ততা | দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে কবিতা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
দক্ষিণ ছাতক খুব জরুরী, একটি উপজেলা,
লোক - জনতার ভোগান্তিতে, কেন অবহেলা!
মন্ত্রী সাহেব বলেছিলেন, সিরাজগঞ্জে এসে,
সিরাজগঞ্জে থানা হবে —দারুণ পরিবেশে!
মাসের পরে মাস চলে যায়, অনেক বছর কাটে,
কয়েক যুগে কাজ এগোয়নি -রইল দাবি পাঠে।
ঐদিকে ভাই ছাতক থানা —বলব অনেক দূরে!
এইদিকে-ই দক্ষিণের লোক, দুঃখ জ্বালায় পুড়ে।
উপজেলার চলছে আবদার, চলছে আলোচনা,
না পাই আমরা একটু সাড়া একটু আলোর কণা।
সভার পরে বসছি সভায়, আবেগের-ই জোয়ার,
মানববন্ধন করি আমরা, নইতো রে শির নোয়ার।
ছাতক দক্ষিণ এক হয়েছি, সব গ্রামের সবাই,
দুর্গম পথের যাত্রী আমরা, দুস্তরবাসী ও- ভাই।
কান্তার কাঁটার মুখ পেরিয়ে, কান্তির স্বপ্ন দেখে,
এখন আমরা নয় দিকহারা —লঙ্ঘব না বেঁকে।
জাগল সকল ইউনিয়নের, বরেণ্য সব ব্যক্তি,
দক্ষিণ ছাতক থানা হবে —সবার অভিব্যক্তি।
ইউটিউব চ্যানেল পত্রিকায়ও, সঞ্চালনা বেশি,
জোট বেঁধেছে এ অঞ্চলের, মানুষজন বিদেশি।
এ আবদারটি মানতে হবে, মানতে হবে রাষ্ট্রে,
এ অঞ্চলের মানুষ আছে, ক্লান্ত- শ্রান্তে আষ্টে।
রাষ্ট্র কি চায় এ অঞ্চলের, লোক-জনতার মন্দ!
আমরা চাই না রাষ্ট্রের সাথে, কোনপ্রকার দ্বন্দ্ব।
দুঃখ-কষ্ট, দুরবস্থার —--ভাঙব আমরা বেড়ি,
দক্ষিণ ছাতক উপজেলা, আর কতকাল দেরি!
দক্ষিণ ছাতক খুব জরুরী, একটি উপজেলা,
লোক - জনতার ভোগান্তিতে, কেন অবহেলা!
রচনার তারিখ ৫ জুন ২০২৬
রচনার স্থান: বিয়ানীবাজার,সিলেট।