| কবিতা | বসন্ত স্পর্ধার পরিধি |
| কবি | লক্ষ্মীকান্ত মণ্ডল |
একটা কৃষ্ণচূড়া একেঁ দিল সকাল । আগুন ফুল ফুটতে দেখিনি কখনো – তবু সে আগুন দেবে বলে খুলে দিয়েছে সব অনুরাগ , পাতা ছুঁয়ে ছুঁয়ে প্রতিটি ইচ্ছের পরিধি ভেঙে মাটিতে নামি । মাথায় একরাশ ডালপালা । কোত্থেকে এক জোড়া কাঠঠোকরা ঠুকরে দিতে থাকে ঠোঁট : আহা, কত তীক্ষ্ণ সেই রং – তার নিচে বসে কতবার পড়েছি সক্রেটিসের বিষ পাত্র । পড়েছি অন্তরার স্তন্যদান , কিম্বা যদি এমন হতো – ঝরা মেহগনি পাতাকে দেওয়া হলো দরজার কড়া – নাড়তে থাকো , নাড়তে থাকো হে ফাল্গুন ; শুধু ভাববে আর শব্দ শুনবে অনন্তের –
এত তাচ্ছিল্যের মাঝে উপেক্ষা করা যায় না ভোর । এই নদীতে কত ভোর আসে অন্তরার , কত ক্ষয় চাপা পড়ে পলিতে – তোমার উতল চোখে ভোরের ধূসর কুয়াশা ; নিশ্বাস তবে কি চোখের জলের নিচে লাগিয়ে দেয়া কালো সুখ ; সে হেঁটে হেঁটে উদাহরণ হয়ে যাক ।
আর আমি বেঁচে আছি – বসন্ত যতই মেঘলা হোক –