কবিতা শোনো ওগো বিনোদিনী রাই !
কবি হিয়া রাজা
সময় বিশে নভেম্বর ২০২৩
লিখার স্থান দুবাই
কবিতার বিষয় জীবনমুখী

সমস্ত বনানী মরে কাঠ হলে, শোনো ওগো বিনোদিনী রাই,
কামনা আগুন জ্বালে, কানু কালা এ মধু সন্ধ্যায় !

তাহার হাতের শুষ্ক অপ্রেম ও বাসনার ক্ষত -
অযথা ব্যথার মেঘে, মেঘে মেঘে বেলা হলো কত !
নদে প্রেমে ডুবুডুবু- জলে জল জলমগ্ন প্রেম -
রজকিনী মাথা কুটে খুঁজে মরে নিকষিত হেম !

হাওয়ায় হাওয়ার দুঃখ খুঁজে নেয় নিজ নিজ সুখ,
সাঁঝবাতি সারারাতই অসুখে ক্ষুধার্ত চন্দ্রভুক -
কখনো হাওয়ার মতো আমিও ঘূর্ণী অকারণ,
জোছনার ভরাপাত্রে নেশাগ্রস্ত স্খলিত চরণ !

ভালোবাসা শুধুমাত্র স্তনগাত্র নাভিবিন্দু হয়ে,
অনৈতিক বৃত্তচাপে, অতি দূর সান্দ্র পথ বেয়ে
মহা আনন্দের পাত্রে চিদানন্দে মগ্ন মহাকাশে -
কাঞ্চনবর্ন হেম, প্রেম খোঁজে অনন্ত প্রয়াসে !

সমস্ত আকাশ মরে কাঠ হলে, বিনোদিনী রাই, চিতচোর
কতগুলি রাত মরে ভূত হলে দশ চক্রে ভগবান ভোর
সর্বনাশা ভালোবাসা প্রেম চায় ঈশ্বরের চোখ, আমরণ !
তোমার জানুতে বসে, ঈশ্বর একদা এসে, অবশেষে,
ভিক্ষা করে নেবে বলো অনন্ত জীবন !

guest
0 Comments
Newest
Oldest Most Voted