কবিতা মাথায় কাঁটার মুকুট দিয়েছো
কবি হিয়া রাজা
সময় 12 December 2023
লিখার স্থান Dubai
কবিতার বিষয় জীবনমুখী

এখানে আর কোনো সংশয়ই নেই, জেনো
ঐখানে বরফের প্রাচীর, শক্ত কাঠ, মরা পাইনের কান্ড,
ডাস্টবিনে মরে কাঠ কাঠবিড়ালির উর্ধমুখী লেজ
মহাজাগতিক অবিনশ্বর ভান - আমিত্বকে ভেংচি কাটে,
আমিতো আগেই বলেছিলাম - অমরত্ব বলে কিছু নেই
তবু আমার মাথায় তোমরা কাঁটার মুকুট দিয়েছো !

অজানা আলোর দড়ি, ভালোবাসা, কাম,
আমার ব্যথার স্নায়ু, স্বাধিষ্ঠান ছেড়ে
পাকে পাকে কুম্ভীপাকে কোন সে অতলে
যাকে মন্দ লোকে কুয়ো বলে,
অনিশ্চিত বার্ধক্য ঠেকিয়ে
ভালোবাসা খুঁজে ,ধরিত্রী নামের যুবতীটি বসে থাকে
প্রতিটি চন্দ্রকলা, ঋতুস্রাবে অভিষেক তার -
কেন তবে রক্তস্রাবী গৃহযুদ্ধ, মহাযুদ্ধ, জমে কাঠ ডাস্টবিন
অবজ্ঞা, অপমান ,অস্বীকার কবিতাহীন জ্বলে যাওয়া কলম্বিয়া,
উর্ধমুখী কাষ্ঠবিল্লী হঠযোগী কেন হবো-
আমিতো আগেই বলেছিলাম - অমরত্ব বলে কিছু নেই
তবুও মানুষ, তোমরা আমার মাথায় কাঁটার মুকুট দিয়েছো !

guest
0 Comments
Newest
Oldest Most Voted