কবিতা সবুজ চিঠি
কবি হেমন্তরাজ দূত
সময় এপ্রিল ২০২১
লিখার স্থান ঢাকা
সম্পৃক্ততা প্রকৃতি
5/5 - (1 vote)

বন পাহাড়ের সবুজ চিঠি
আসতো উড়ে আমার কাছে
মেঘের ছায়ায় লিখতে বসে
হঠাৎ বৃষ্টি আসতো নেচে।

তুমি কি আর তেমন মেয়ে
মেঘবালিকা তোমার নাম,
মেঘের জলে ভাসিয়ে দিতে
ভালোবাসার সবুজ খাম।

বন পাহাড়ের সবুজ চিঠি
আসতো আমার শহর জুড়ে,
সবুজ চিঠি খুলতে গেলেই
বৃষ্টি পড়তো দিন দুপুরে।

এখন আমার মন পুড়ে যায়
বন পুড়ে যায় রৌদ্রতাপে,
সবুজ চিঠি আর আসেনা
বন পাহাড়টা মরুর দ্বীপে।

বন পাহাড়টার বুকে এখন
শুধুই দেখি নিয়ন আলো,
পুঁজির দ্বন্দ্বে দুর্গন্ধে
সবুজ চিঠি ঝলসে গেলো।

তুমি এখন নিয়ন আলো
ঝলমলে সব উচ্চ সুখ,
আমার বলার সাধ্য আছে
আজ শহরে বৃষ্টি হোক?

guest
0 Comments
Newest
Oldest Most Voted