| কবিতা | সম্প্রীতির গান |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ |
| সময় | সেপ্টেম্বর ২০১১ |
| উৎসর্গ | শাওলি লতাকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | ধর্ম বর্ণ সম্প্রদায়ে পৃথিবীর জাত্যাভিমানীদের এত হিংসা হানাহানি দেখে |
| কবিতার বিষয় | জীবনমুখী |
সম্প্রীতির গান
~~~~~~~~~~
এসো ধর্মযুদ্ধ ভুলে হাত রাখি হাতে,
মসজিদ, প্যাগোডা, গীর্জা, মন্দিরে,
বিভাজন ভুলে যাই বর্ণ জাতে,
এসো মানবতার মহাসাগর তীরে
কেন বলো তাঁর এতো ডাকনাম?
জিহবা, আল্লাহ, ঈশ্বর ভগবান,
মানবজাতির একটাই মনস্কাম,
আমরা সবাই প্রকৃতির সন্তান
এসো ভুলে যাই জাত্যাভিমান ,
কে কোন গোত্র, ধর্মবিশ্বাসী,
মানবতাকে আর নয় অপমান ,
মানুষ শুধু মানুষকে ভালোবাসি
শিখ, শিন্তো, পার্শী, জৈন, বৌদ্ধে,
হিন্দু, ইহুদি, মুসলিম, খৃষ্টানে,
অনেক রক্ত ঝরেছে যুদ্ধে,
ক্ষুন্ন করেছি মানবতা অপমানে
এসো গড়ি সম্প্রীতির বন্ধন,
ভুলে বর্ণবৈষম্য ভেদাভেদ, ধর্মান্ধতা
থেমে যাক যুদ্ধ আর্তের ক্রন্দন,
হাত রাখো হাতে, গড়ি একতা