কবিতা রিমঝিম খ্যান্ত দিনের শেষে
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় ফেব্রুয়ারি ২০১৮
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা এখন আসবে নির্ঘুম রাতে
কবিতার বিষয় রূপক

রিমঝিম খ্যান্ত দিনের শেষে
যখন শ্রান্তি নামে মনে
আমার দু'চোখ তন্দ্রাবেশে
ঘুমেরা দাঁড়িয়ে দূরের বনে

জানি রাত দূর পরবাসে
তবু আশায় দু'চোখ বুজি
ঘুমেরা আমায় নিয়ে হাসে
যখন স্বপ্নে তোমায় খুঁজি

যখন স্বপ্নে তোমায় খুঁজি
তুমিও দাঁড়িয়ে থাকো দূরে
তন্দ্রা ঘুম হতে চায় রোজ ই
স্বপ্নরা স্মৃতির পাহাড় খুঁড়ে

আমার মনের অন্তপুরে
বাঁশি বাজায় ছদ্মবেশে
কেন সকল গানের সুরে
আশাবরী অলক্ষ্যে মেশে

আছড়ে পড়ে লোনা ঢেউ
রাত্রিরা দীর্ঘ্য হয় আবারো
রাত ফুরিয়ে গেলে কেউ
বলে কুঁড়িয়ে দেখতে পারো

রবীর শ্রাবণ মেঘের গানে
মল্লার লুকিয়ে রাখো ছলে
তুমিও সে কোন অভিমানে
পালাও এইতো আসছি বলে

এভাবে নিঃস্ব হওয়ার পরে
কোনো মেঘ বৃষ্টি হয়ে এলে
তবুও রাত যায় সরে সরে
নিদ্রালু আমায় একা ফেলে

guest
0 Comments
Newest
Oldest Most Voted