কবিতা ভেবেছিলাম প্রেমিক হয়েই থাকবো
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ কে তুমি নন্দিনী / প্রিয়জন প্রকাশন
সময় এপ্রিল ২০১৬
উৎসর্গ কবি মোসলেউদ্দিন ভাইকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

ভেবেছিলাম প্রেমিক হয়েই থাকবো,
ছড়িয়ে যাবো ভালোবাসার দ্যুতি,
সমাজটাকে সিঁকেয় তুলে রাখবো,
কে জানতো তুমি ভাংবে প্রতিশ্রুতি

ভিলেন যখন হিরো হয়ে গেলো,
বিধির দৃশ্যকল্পে বিয়োগান্ত প্ল্যানে,
উত্তীর্ণ পরীক্ষাতে মেনেছি ফেলও,
বাকীটা প্রণয়ের ব্যর্থ উপাখ্যানে

এই যে আমার আখ্যান পরিতাপের,
না বুঝতেই হয়ে গেলো রাহাজানি ,
তুমিও দিলে দীক্ষা মন খারাপের,
ইতিহাস লিখবে সেই আখ্যানই

কিচ্ছু বোঝোনা বোকা, গাধা, ফুউল,
ইতিহাসে শুধু আত্মকথন লেখে,
এটাই তোমার ঐতিহাসিক ভুল,
কল্পলোকটা সরাও জীবন থেকে

কী করে সব টাইমপাস বলে দিলে!
সত্যিই আমি ভালোবাসা বলে মানি,
সেই বিপ্লবে তুমিও সামিল ছিলে
সত্যি সে প্রেম মেকি নয় এতোখানি?

আসলে আমার পরজীবী এই শরীর,
জীবন মৃত্যু করে শুধু টানাটানি,
যেন স্তব্ধ কাঁটা অচল বন্ধ ঘড়ির,
জানো না বোকা ভালোবাসি কতোখানি

গোলাপ হাতে ফিরে আসবো আবার,
তোমার জন্য প্রিয় স্বর্গের উৎসবে,
স্বর্গীয় আলো ধুয়ে দেবে চারধার,
ছুঁয়ে থাকবো অনুভবে অনুভবে

guest
0 Comments
Newest
Oldest Most Voted