| কবিতা | বর্ষা এলো |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ |
| সময় | জুন ২০১৪ |
| উৎসর্গ | নন্দিনীকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | বর্ষার প্রথম বর্ষণে |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম |
বর্ষা এলো
আলসে মাখা মন খারাপের ভোর,
ভোর সকালে যেই ভেঙ্গেছে ঘুম,
গুটিয়ে থাকা স্যাঁতসেঁতে ঘরদোর,
পাহাড়ে পাহাড়ে বৃষ্টির মরসুম
রাত জাগা মেঘ বৃষ্টিতে রিমঝিম,
বাক্যহারা বোবা টেলিফোন,
হাওয়ায় যেন লেগেছে তার হিম,
যেন বর্ষা ঋতুর আগাম বিজ্ঞাপন
অফিস পাড়া মহল্লা গিজগিজ,
ঝালমুড়িতে আড্ডা হবে বেশ,
ছাতা মাথায় আদভেজা কামিজ
বন্যা কাদায় পাল্টাবে অভ্যেস
হঠাৎ কোথাও দাঁড়িয়ে গেলে জল,
নালার কিস্তি ভেসে যাবে বহুদূর,
নগর পিতা ফাঁদবেন নানা ছল,
কৈশোর ফেলে শৈশবে চুরচুর
জানলা খুলে আকাশ দেখছো খুব?
হারিয়ে গেছো অনেক দূরে, যাও।
জটলা বাঁধা মেঘেদের বিদ্রুপ,
আগে তবু চিঠি দিতে, তাও।
এখন মেসেঞ্জার, দিন শেষ চিঠির
বর্ষা এলো ফের যদি চিঠি পাই নন্দিনীর