কবিতা পাথর চোখ
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনবেলা ⚪ প্রিয়জন প্রকাশন
সময় এপ্রিল ২০১১
উৎসর্গ সুরাইয়াকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় রূপক
Review This Poem

👁️‍🗨️ পাথর চোখ

ধর্ম, বর্ণ, জাত, ধন বৈষম্যে ভরা,
সাঙ্গ করো এ অন্যায্য আয়োজন,
আমাকে নিষ্কৃতি দাও বসুন্ধরা,
বন্ধ করো তোমার দ্বিমুখী আচরণ

বেদিতে সাজানো অপাপবিদ্ধ ফুল,
শোনো না হৃদয়ের আর্তি ভরা হাঁক ডাক,
বালিতে ভরিয়ে দাও নদীর দু’কূল,
হেঁয়ালি ইচ্ছের ঢিলে ভাঙ্গো মৌচাক

লুটেরা তােমার মতো দেখিনি কেউ,
কখনো লেলিয়ে দাও প্লাবন জল,
লেলিহান অগ্নি আর সুনামির ঢেউ,
লুটে নাও পারের কড়ি, শেষ সম্বল

সে সাতকাহন আর নাইবা লিখি,
প্রশস্তি, স্তব, স্তুতি বন্দনা হোক,
আমাদের প্রাণ জ্বলে ধিকিধিকি,
ভাবলেশহীন তোমার পাথর চোখ

guest
0 Comments
Newest
Oldest Most Voted