কবিতা “তোমার প্রিয় ঋতু বর্ষা তাই”
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় জুন২০১৮
উৎসর্গ জিগারকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা বৃষ্টিদিনে
কবিতার বিষয় প্রেম
Review This Poem

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই

সারাটা দিন জুড়ে বৃষ্টি হোক,
নিত্য ওপাড়ার মেঘ পাঠাই,
মেঘ খুঁজে খুঁজে হন্যে চোখ,
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই

তোমার উঠোন ভরা রোদ্দুরে,
সারাটা দিন শুধু মেঘ জমাই,
মেঘেরা শুয়ে থাক অন্তপুরে,
শুধু আমার ছাড়পত্র নাই

পরিযায়ী মেঘ উড়ে আসুক,
শ্রাবণে পুরে পুরো ফাগুনটাই,
শিরীষ কৃষ্ণচূড়া জলে ভাসুক,
আমিও শ্রাবণঢলে ভেসে বেড়াই

বিশ্বজুড়ে থাক একটা ঋতুই,
সারা বছর জুড়ে বৃষ্টি চাই,
বৃষ্টিস্নানে যদি ভিজিস তুই,
ঈদ পূজা বিজু ভেজা সাংগ্রাই

মেঘেরা ফিরে গেছে দগ্ধ দিনে,
নিদাঘে ঊষর পুরো বাগানটাই,
অচেনা ঠিকানায় বাড়ি কিনে,
বৃষ্টি অনুরাগী মানুষ নাই

তবুও মেঘদল তোমাতে উন্মুখ ,
রঙিন কাগজে নৌকো বানাই,
পরিযায়ন ভুলে বলে কী অসুখ?
তোমার প্রিয় ঋতু কি বর্ষা নাই?

সৌজন্যঃ শিরোনামটি চন্দ্রবিন্দু থেকে এডপ্টেড

guest
0 Comments
Newest
Oldest Most Voted