কবিতা জীবন ঘুড়ি
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ কে তুমি নন্দিনী / প্রিয়জন প্রকাশন
সময় মার্চ ২০১৫
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

কি উন্মাদনা ভর করেছিলো
সেদিন নিউরনে ?
ঝড়ো বাতাসে উড়িয়ে দিলে জীবনঘুড়ি!
তখনো সদ্য কৈশোর উত্তীর্ণ যৌবনে ,
বুঝিনি অতো জীবনের ছলচাতুরি

ভয়হীন ডানামেলা পাখির উড়ন্ত পালক,
বান্ধবীদের খিলখিল হাসির ফোয়ারা,
স্বর্গের দরজায় এক বিষাদ বালক,
পাগল পাগল অষ্টপ্রহর উদ্ভ্রান্ত ছন্নছাড়া

বন্দর ছেড়ে চলে গেলো ঝঞ্ঝা বিক্ষুদ্ধ ঝড়ের জাহাজ,
উন্মাতাল সইরা, বালিকা বালিকা চেহারার রাসু, এই মেয়েটিও আমার চোখে কী করুণার দৃষ্টিতে তাকালো,

আমি যেনো তোমার হাত থেকে নর্দমায় পড়ে যাওয়া অচ্ছুত গোলাপ অস্পৃশ্য, অনাহুত শুধু দূর থেকে করুণাই প্রাপ্য এক দুঃখ ভুলানো বিজ্ঞপ্তি

এখনো কি উল্লাসিত হও
জিতে যাওয়ার আনন্দে?
আহা হারানোর কি অপরিসীম তৃপ্তি!

কে বলে ভালোবাসা নিঃস্বার্থ ?
ভালো চাওয়ার মধ্যেই ভালোবাসার শর্ত থাকে, স্বার্থও।
মানুষের মনের অনৈচ্ছিক প্রতিক্রিয়া প্রতিবর্ত ক্রিয়ারই নামান্তর

কতো কিছু মনে পরে আজকাল ক্যালেন্ডারে দশ তারিখ এলেই মরে যেতে
ইচ্ছে করে, আমার মানসিক আত্নহত্যা তো সেদিন রাতেই হয়ে গিয়েছিলো

পরদিন সকাল বেলা লাশকাটা ঘর আমাকে উপহাস করে
বলেছিলো, এখনো বেঁচে আছো কি করে জনাব ?
শালারা মৃতদেহ চিনতেও ভুল করে…

এখনও বেঁচে থাকার অভিনয়টা আমি ঠিকঠাক পারি না।
তবুও জানি না, অভিনয় কেন করি? কার জন্যে করি?
শুধু দেখি সবাই হাততালি দেয়
আমিও ভাবি আর ক’টা দিনই বা। এখন পরিচিত অনেককেই চিনতে পারি না

ভালোবাসা ওঁৎ পেতে থাকে,
পেছনে যে স্মৃতির টান,
তাই তাতে জড়াতে পারি না,
এড়ানোও যে যায় না
সেই ভালোবাসা এখনো লেগে আছে,
চিলেকোঠা, ছাদে, উঠোনে,
আস্তিনে, ওড়নায়,
মনের কোণে কোণে, বটঝুড়ি দোলনায়…

কখনো সখনো সব কিছুই আমার দখলের বাইরে চলে যায়,
আমি ফুরিয়ে যাই অতীতের গহ্বরে,
এখনো সেই ছায়াটা ধাওয়া করে ফিরে,
মাইলের পর মাইল,
অজস্রবার সিদ্ধান্ত নিয়েছি এই অক্টোবরে লাশকাটা ঘর থেকে আর ফিরবো না। কেন যে পারিনা, কিসের টানে, এখনো! কে জানে ?
সমাপ্তি টানা আমার দস্তুর নয়

guest
0 Comments
Newest
Oldest Most Voted