| কবিতা | খুঁজে পেলাম পুরনো সেই খাতা |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | কে তুমি নন্দিনী / প্রিয়জন প্রকাশন |
| সময় | মে ২০১৬ |
| উৎসর্গ | কবি মুসলেউদ্দিন ভাইকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
(-_-)
খুঁজে পেলাম পুরোনো সেই খাতা,
দিয়েছিলে এমনি এক চৈত্রেই,
দিনে দিনে হলদে হলো পাতা,
তবুও তাতে রঙের অন্ত নেই
অপেক্ষাতে গুনছি দিন তারিখ,
লাল গোলাপে সাজিয়ে ফুলদানি,
কাব্যিক নয় মনটা প্রাবন্ধিক,
চাই আলিঙ্গনে এইটুকু সম্মানী
জানি তুমি প্রোফাইল দেখো না,
কাব্যপ্রেমী বন্ধুরা সব পড়ে,
ছোট্ট একটা কমেন্টও লেখো না ,
কিন্ত আমার সব লেখা যে
তোমায় লক্ষ্য করে…
আমার দশা ” সন্যাসীটির মতো,
সঙ্গি যাঁর ছায়া জ্যোৎস্নারাতে,
আমি ছায়ার সঙ্গে হাঁটছি অবিরত,
ভাবছি তবু কেউ তো আছে সাথে ”
“তুমি যেন ক্রুশিয়ান গোল্ডফিস,
আমার কাছে সত্যিই অচ্ছুত,
ছুঁতে তোমায় হাতখানা নিশপিশ ,
ক্ষুধার্ত সেই মাছরাঙাটির মতো”
” ক্রুশিয়ান গোল্ড মনে মনে ভাবে,
মাছরাঙার সামনেই ভেসে থাকি,
বেচারা অনাহারে উপোস কাটাবে?
আমি অতো নিষ্ঠুর হবো নাকি?”
“আর মাছরাঙাটি মনে মনে ভাবে,
বেচারা আকাশ দেখছে দেখুক,
আমায় দেখে অন্যরা পালাবে,
ঈশ্বর আগে আমার ভাগ্যে লিখুক”..