কবিতা কতো কিছুই হয়নি পাওয়া
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ
সময় মে ২০১৬
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা স্মৃতিচারণ
কবিতার বিষয় বিরহ
Review This Poem

কতো কিছুই হয়নি পাওয়া

কত কিছুই হয়নি পাওয়া এই জীবনে,
শৈশব ছেড়ে পালিয়েছিলো যে টিয়াটি।
সংসারে তার খেলনা বাটি মনে মনে,
সাজিয়ে রাখি, শূণ্য খাঁচার দরজা আঁটি।

লাটিম লাটাই কতো কিছুই আগলে রাখি,
পাইনি ফিরে ভো-কাট্ট রঙিন ঘুড়ি।
আসবে ফিরে সাঁজ লগনে আশায় থাকি,
দিলোনা টিপ একটি বারও
চাঁদের বুড়ি।

ভাবতে বসি, নন্দিনী সেই চাঁদের বুড়ি?
যখন দেখি অন্য খাঁচায় সেই টিয়াটি।
সবুজ শাড়ি লাল ঠোঁটে তার হলদে ডুরি,
লালন মেলায় সখের কেনা গয়নাগাটি।

সঙ্গে নিয়ে নন্দিনী তার দুঃখগুলো,
বেলা শেষে যখন দেখি শূণ্য সেও।
লোনাজলে আছড়ে পড়ে স্মৃতির ধূলো,
ভাংগে জোয়ার তটিনীর বুকে সে ঢেউ।

পায়নি ফিরে চাঁদ সওদাগর একটিও তার,
নালায় ভাসা কাগজের প্রমোদ তরী।
বারে বারে আসে ফিরে লোনা জোয়ার,
ভেসে আসে বিপন্নতা, বিষন্ন সুর আশাবরী…

guest
0 Comments
Newest
Oldest Most Voted