| কবিতা | আমাদের সন্ধ্যা নাবতো বাতিঘরে |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | কে তুমি নন্দিনী / প্রিয়জন প্রকাশন |
| সময় | জানুয়ারি ২০১৯ |
| উৎসর্গ | নন্দিনীকে |
| লিখার স্থান | আগ্রাবাদ চট্টগ্রাম |
| কবিতার বিষয় | প্রেম |
(-_-)
আমাদের সন্ধ্যা নাবতো বাতিঘরে,
খুঁজে দিতো দিশা জ্ঞানের মন্দির,
ধুলিঝড়ে বিলীয়মান পদচিহ্ন ধরে,
জীবনের সন্ধানে দু’জন মুসাফির
কর্ণফুলী, পার্কি বিচ, পতেঙ্গা বন্দর,
টাইগার পাস, সিআরবি, লাভলেন,
তোমার কাব্যরীতি জীবনানন্দর,
আমি খুঁজে ফিরেছি বনলতা সেন
ছুটির দিনের কত দুরন্ত পরিকল্পনা,
বন্ধুরা এসে যোগ দিতো কতোদিন,
শরতের মেঘে এঁকেছি আলপনা,
লালদীঘি টু ভাটিয়ারী উদ্দেশ্যবিহীন
ঝাউতলায় শুরু ব্যবচ্ছেদ কবিতার,
কাজীর দেউড়ি এসে হতো নিকাশ,
প্রাক্কলিত ব্যয়ের ছোট্ট সংসার,
পাশ কাটিয়ে যেতো উচ্চাভিলাষ
সাঁটল ট্রেনের উপচে পড়া কামরা,
কতো মনোছবি এঁকেছি আনমনে,
বেকার রোডের মোড়ে এসে আমরা,
থমকে গেছি কর্মখালির বিজ্ঞাপনে
খালি চা’য়ের কাপে হতাশার কথা,
যতো না করেছে দু’জনকে খুন,
তার চেয়ে বেশি তার অপরিপক্কতা,
জ্বালিয়ে ভস্ম করেছে বহুগুণ
অভাবের মানিব্যাগে ভরা খুচরোয়,
সাহসী সদর্প নাবিক বীরোচিত,
সুদিন আসবে একদিন এই ভরসায়,
কতো ধারদেনা হতো অবিরত
মেধাতালিকায় প্রকাশিত নাম সম্বল,
জুটেছে যখন চারটে টিউশনী,
হঠাৎ শুনি নন্দিনী ইজ নট রিচেবল,
সেলফোনে বাজে ব্যথার সিম্ফনী
এখনও বসন্ত আসে নিয়ম করে,
কী অভিমানে চুপচাপ ফিরে যায়,
কতো খুঁজি তোমাকে পুরোনো নম্বরে,
অভিজাত এলাকার নতুন ঠিকানায়
ভেস্তে গেছে সাজানো পরিকল্পনা,
গল্পের শেষ নেই তবু যবনিকা টানি,
হৃদয়ের অলিন্দে ব্যথার আলপনা,
নকল হাসিতে ঢাকি আত্মগ্লানি