| কবিতা | আততায়ী |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | স্বরচিত নির্জনতা |
| সময় | জানুয়ারি ২০২০ |
| উৎসর্গ | ফিরোজা |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | ফেলে আসা স্মৃতি |
| কবিতার বিষয় | রূপক |
আততায়ী
আততায়ীর মতো পিছু পিছু হাঁটছে সময়,
অকুন্ঠ অচঞ্চল কিছু কিছু
প্রেম অকুতোভয়
নিষেধের তোরণ আঁটা এই
অচেনা শহর,
গলগ্রহ নামে সেদিনের সেই
স্মৃতিরা তৎপর।
ভালবাসি বলে, শর্ত জুড়েছে
যে আমায়,
ভীরু লিখি, শব্দটা নিরু হয়ে
বাঁশি বাজায়
আউট অফ ফোকাসে
এক নতুন মুখ,
তুঁতে রঙ হলুদ আকাশে
পান্ডুর অসুখ।
প্যাস্টেল রঙে আঁকা সাদা
খুনে কারুকাজ,
তবু কবিতা নাছোড়বান্দা
প্রতিবাদী আজ।
স্মৃতির অলিন্দে ধুলোমাখা
ছাতিম গন্ধে ভেজা দিন,
জলমগ্ন শহর, মেঘে ঢাকা
ঠিকানা বিহীন।
তারপর খুব একা হতে থাকে
শহর আমার,
মনের ঘরে বিমূর্ত ছবি আঁকে শূণ্যতার।
এ পাশে ফর্সা কিন্নরী কঙ্কনের ধারা হাসে?
ওপাশে শিকারী বদ্ধপরিকর প্রাণনাশে।
ঝড়া পাতা একা একাই ঘূর্ণীজলের লেকে,
জন্মদিনে সাঁতার শেখাই মোমবাতি কেকে।
অভ্যেসে সে ভেসে থাকে
ডুব সাঁতারে,
পিপীলিকাও ভরসা রাখে,
জড়িয়ে পাতারে।
তোমাদের বিশ্বাসে বাঁচি হিকমেত, নেরুদা,আরাগঁ, এলুয়ার,
মাঝে দীর্ঘ সাঁকো কবিতায় পারাপার।
এসো তবে ভেসে যাই, আর
নেই কোনো বাধা,
তবুও প্রেম আর কবিতার মৃত্যুভয় আধা আধা।
আমাদের গতজন্ম জাতিস্বর জানে বৈদিক,
কি করে বিভক্ত থাকি অমর, আদিম প্রেমিক।