| কবিতা | হে ক্লান্ত পথিক! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কেন হে পথিক তুমি গাও আনমনে,
ক্লান্ত শরীরে আজি একা গাছ তলে!
তবে কি তৃষিত ক্ষণ জেগেছে রণনে!
নইলে অক্ষি কেন বেঘোর সজলে!
কি ভাবছো বসে তুমি বিকেলের শেষে,
এখনও চায় কি মন নশ্বর মায়া!
না যদি রইল আশা স্বপ্নের দেশে,
কেন খুঁজো নিভৃতে বকুলের ছায়া!
জানি গো দু’কূল যাবে আপনারে ভুলে,
চিরতরে থেমে গেলে তটিনীর ধারা!
তা’বলে ঝরলে মেঘ অপরের মূলে,
হয় কি চলন কভু সজীবতা হারা!
জীবন যদি বা হয় মৃত্তিকা তুল,
কেন গো মানো না সেথা জেগে রয় ধুল!!