কবিতা সম্পর্কের ভিত (সনেট)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৩ মার্চ, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
3/5 - (1 vote)

চন্দন কাষ্ঠের তৈরী কেদারায় দুলে
বর্ণিল স্বপনে তুমি চাঁদে গড়ো কুঠি,
সখ্যেও মৃদুলা ঝড় কভু এসে ছুঁলে
রক্ষার্থে কুঁড়ের মান আমি ধরি খুঁটি।

ছন্দিত আবেশ পেতে কামনার দোরে
রূপালী ঘুঙ্গুরে তুমি যেচে ঢালো সুরা,
বাঞ্ছার কর্কশ ঘাতে অদিনের ঘোরে
ন্যাড়া পাতে আমি খুঁজি খইলশ্যার মুড়া।

যতোই নামুক বৃষ্টি নিয়ে মিঠা পানি
জানি সমূদ্রের জল তবু রবে লোনা,
টানলেও দস্তা খোশে বিশ্বাসের ঘানি
হবে না কস্মিনকালে বরণে সে সোনা।

তবুও সম্পর্ক হবে খাঁটি অবশেষে,
তুমি আমি মাটি হবো যবে মিলেমিশে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted