| কবিতা | সন্ধ্যা বিহীন ধনাত্মক প্রহর! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
সেই যে কবে জীবনের বুকে নেমে এলো সন্ধ্যা
তারপর থেকে শুধু সন্ধ্যাই দেখছি
ভাবতে গেলে সন্ধ্যা
চোখের জলে সন্ধ্যা
এমন কি খলবলে হাসিতেও নেমে আসে সন্ধ্যা,
সন্ধ্যা আর সন্ধ্যা!
স্মৃতির ডানায় ভর করে সেদিন গিয়েছিলাম
কৈশোরের মাঠে
সবে ডাংগুলি হাতে নিয়েছি
নেমে এলো সন্ধ্যা
বাধ্য হয়ে গেলাম যৌবনের রঙিলা বাগিচার ধারে
কোকিল ডাকা নির্জনে ‘বসন্ত বিলাসে’
ও মা! সেখানেও দেখি লাল টুকটুকে ফিতে বাঁধা
এক ফুলবানুর রেশমি চুলের ঝুটিতে ঝুলছে
ধড়ফড়ে সন্ধ্যা!
কি আর করার
ফিরতি পথে অবশেষে গেলাম
পড়ন্ত বিকেলের সূর্য দেখা এক পথিকের কাছে।
সামনে দাঁড়াতেই কি বললো?
’সন্ধ্যা বাদে যে কোন সময় এসো!’
সেদিন থেকেই নিদ্রা-জাগরণে একাকী খুঁজে চলেছি
কেউ জানে না –
কাউকেই বলিনি –
অতি গোপনে একটা ‘সন্ধ্যা বিহীন ধনাত্মক প্রহর!’