কবিতা ভীষণ বোকা আমি!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৫ আগষ্ট, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

মাছরাঙা একদিন বন্ধু ভেবে ডাকবে মেনেই
নিত্যই বকুল তলে থাকতাম বসে একা,
অথচ সুবোধ ওই ফিঙেটাও এসে
চিত্তের আকুতি বুঝে আঁকতো না সিক্ত বুকে রেখা।

মনের গোপন সুখ উদ্বেলিত হবে ভেবে
তটিনীর পাড়ে বসে গাইতাম ‘আসবে রে কেউ!’
অথচ দেখেও মৃদু ঝির ঝিরে বাও
ক্ষণিক দিতো না এনে চুপিসারে গাগরির ঢেউ।

সত্যিই নির্বোধ আমি তাই থাকলেই নিরজনে
আজো বলি আনমনে –

অন্তরটা যদি কাঁদে ’হে জননী’ অজস্র সঙ্কটে,
আঁকবোই আমি তোর ছবি বসে
বালিয়াড়ি কোন তটে।
ক্ষণকাল থাকবে না জানি রেখা জেগে
ঝড়ের সারথী এসে গড়লেই ক্ষ্যাপা রণ,
তবু ভাবি একদিন হয়তো আসবে
রুক্ষতা কাড়তে কোন মায়াধারী সবুজের সুশাসন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted