| কবিতা | নানারূপী সমাগম |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৬ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
রোজ দেখি তদবিরে – কতো লোক ঘুরে ফিরে
রঙে রূপে মনে হয় একই প্রাণ,
সকলেরই গতি হাসে – ভাষা আশা নিঃশ্বাসে
থাকলেও ধ্যানে জ্ঞানে ব্যবধান।
কেউ যাচে সুখী মন – কেউ সাজে দুর্জন
জানি তো লহুর ধারা নয় দুই!
স্বার্থের কষাঘাতে – জাগলেই তবু রাতে
কারো হাতে শোভে ফাল কারো সুঁই।
অথচ বখিলও মানে – সামনে বা নিরজনে
ধরণীর আয়ুকাল স্থায়ী নয়,
শঠতার কর্ষণে – সম্পদ আহরণে
যদিও সে দ্বিধাহীন নির্ভয়।
নানারূপী সমাগম – চলছেই হরদম
গড়ছে যা হৃদে হৃদে নব ক্ষত,
এরই মাঝে কিছু পণ – ঢাকছে যা অর্জন
নিজেরে রাখতে শুধু অবনত।