| কবিতা | দাদু বললেন |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ জুন, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
দাদু বললেন ডেকে –
রোজ তো লিখিস কাব্যের সারি
নিজেরে করিস কবি বলে জারি
দে দেখি যতনে আমার জীবনী সত্যের সুরে এঁকে!
থাকে কি স্মরণে চলছে কি মাস
শুনে ভাবি বুঝি সবই হয় ফাঁস
তবু বললাম হেসে –
কি এমন ভারী কঠিন এ কাজ
দিবোনি গো লিখে লাগুক না সাঁঝ
যদিও ঘুরছি মনে মনে আমি হেঁটে চিন্তার দেশে!
হাতড়ে চলেছি কে কবে লিখেছে কার জীবনের গীতি,
সহজে কাটে কি ভীতি!
হঠাৎই মিললো রেশ,
জসিমদ্দিন ‘খোসমানী’ লিখে সুনাম পেয়েছে বেশ।
থামাবে কে বলো পথ,
নাম-ধাম শুধু পাল্টে চালালে ও গাঁয়ের পথে রথ?
শুধালাম ডেকে সন্ধ্যার কালে যেচেই দাদুর ঘরে,
লিখেছি গো দাদু ঢের মেধা খোয়ে পড়বো কি জোরে জেরে?
আগেই বলছি কবিতাটি শুনে বুঝলে হয়েছে বেশ,
অজুহাত বিনে বকশিশ দিবে এটুকুই কথা শেষ!
করলাম পড়া শুরু,
সাহসের ভারে বুকটি তখন করছিলো দুরু দুরু!
এক নিঃশ্বাসে শেষ করে বলি কেমন হয়েছে দাদু?
ভাবছো বুঝি এ যাদু?
বললেন দাদু ক্ষণকাল ভেবে কেমনে বলি যে আমি!
বুঝেছি যেটুকু নয় এ মন্দ
রয়ে গেলো শুধু একটু দ্বন্দ্ব
দাদীর তরেই এ লেখাটা হলে সবচেয়ে হতো দামী!