কবিতা তবু অরুণিমা!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৬ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

শালিক আঁকছে ডেকে মেঘালয়ে রেখা
পড়ন্ত বিকেল বেলা বসে আমি একা,
নীলিমার বক্ষে মেলে স্মৃতির চাদর
ব্যাকুল দু’চোখে দেখি তৃষ্ণার্ত ভাদর।

কোথায় সে’ পানকৌড়ি,
করতো যে অভিমান ধেয়ে এলে তরী?
শাপলা শালুক রচে শ্যাওলার গোর,
মাছরাঙা ঠোঁটে আজ রাখেনি খবর।

শুস্ক সূরুজের চোখ,
বেহালে চলেছে বয়ে বিরানের শোক।
করবে না নেমে জানি হাঁস জলকেলি,
বুঝেও পুঁটির স্কন্ধে খুঁজি কেয়া বেলী।

সর্প হারায়েছে দিশে,
বকের দৃষ্টিতে তার হাসি গেছে মিশে।
অব্যক্ত কথারা কাঁদে বেঁধে দিয়ে সীমা,
সুদূরে ঘুমিয়ে তুমি, তবু অরুণিমা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted