কবিতা ছাড়বো না তবু! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৭ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

যতোই গোসসা করো ভিজিয়ে দুয়ার –
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!

যদি না হৃদয়ে বসে গাও তুমি গান,
নীরবে সইবো চেপে ভীরু অভিমান!
চরণে না দিলে বাস
লুকাবো তাপিত শ্বাস
নিজেকে অভাগা বলে দিয়ে ধিক্কার –
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!

রহমত যদি রাখো ঢেকে আবরণে,
পুষবো তোমারি নাম গোপনে এ মনে!
না দিলে জ্ঞানের শশী
ভাববো নিজেকে দোষী
মেনেই বাঁকিটা পথ ঘেরা আন্ধার –
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!

guest
0 Comments
Newest
Oldest Most Voted