| কবিতা | কোথায় গেলে প্রাণ সজনী? |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ ফেব্রুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আজ এসে এই ব্যাকুল ধারা তুলছে মনে ঝড়,
কোথায় গেলে প্রাণ সজনী আমায় করে পর?
তোমার আশায় দখিন বায়ু
খাচ্ছ বসে নিজের আয়ু
পলাশ সেও দূর থেকে চায় সইছে না তার তড়।
কোথায় গেলে প্রাণ সজনী আমায় করে পর?
গাছের সারে পিউ কুহু কা বাজছে শুনে গান,
পারছে কি জুঁই রাখতে আড়ে তোমায় ভেবে প্রাণ?
অশোক শিমুল গাছের ডালে
দেয় দোলা ফের তালে তালে
চাঁপাও দেখি আজ কি ভেবে সাজছে নটবর।
কোথায় গেলে প্রাণ সজনী আমায় করে পর?
চক্ষু দু’টি যায় যেদিকে দেখি আমের বোল,
ফুল বাগেও উঠছে জেগে অলির কলরোল।
ঝিরঝিরে বাও ধানের ক্ষেতে
সবুজ ঢেউয়ে খেলছে মেতে
মেঘ যা আছে ওরাও আশায় চষছে আপন ধর।
কোথায় গেলে প্রাণ সজনী আমায় করে পর?
জল অভাবে খাল বিলের আজ রুক্ষ যদি মতি,
তবু ওদের দৃষ্টিটা ধায় তোমার বাটের প্রতি।
ঝলমলে রোদ সকাল সাঁঝে
ধার দিতেছে সকল কাজে
গাছ দেখে তা নতুন পাতায় চলছে খুঁজে দর।
কোথায় গেলে প্রাণ সজনী আমায় করে পর?