কবিতা এক চিলতে চিনচিনে মেঘ!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৪ অক্টোবর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

কপাল খুলেছে—–

সভ্যের হৃদয়ে আজ কিছুটা ছেঁড়া-ফাটা মেঘ জমেছে
আর তাই অবহেলার দাঁতে থেঁতলানো দু’একটা
আধুলি বা এক টাকার কয়েন থেকে থেকে করুণা হয়ে
ঝরছে পরিচয়হীন ব্যথাতুর থালায়।

পবিত্র গোলাপ জলে ধোয়া কল্পনার দু’টি হাত তুলে
সজল নয়নে গগনের পানে চেয়ে কাশেম তাই ভাবে,
নিশ্চয় দুপুরে ছোট মাছের ঝোল আর গরম
ভাত জুটবে কপালে।

তার আকাশ আজ অতি নিকটে।
আশার সূর্য তাতে ছড়িয়ে দিয়েছে
স্নিগ্ধ কিরণ ধারায় খলবলে খুশি।

হঠাৎ তার হৃদয় অস্ফুট এক ব্যথার বিরুদ্ধে
বিদ্রোহ করে উঠে, যেখানে দাঁড়িয়ে
স্ত্রী ডালবিহীন ট্যালট্যালে খিচুড়ির থালা হাতে নিয়ে
নীরস অধরে খসখসে হাসি টেনে বার বার বলছে
’হাত পা হারা অক্ষম মানুষের কি মাছ ভাত খেতে আছে?’

কাশেম অসহায় হয়ে পড়ে!
নিমেষেই হারিয়ে যায় তার
কল্পনায় সাজানো পবিত্র দু’টি হাত।
আর তখন সেই স্বচ্ছ আকাশে জমে উঠে ধড়ফড়ে
’এক চিলতে চিনচিনে মেঘ’!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted