কবিতা এক চাঁদের কথা (সনেট)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৪ নভেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

এ আকাশে চাঁদ ছিলো থালার মতোন
ছড়াতো জ্যোৎস্না রোজ নির্দ্বিধায় হেসে,
দখিনা বাতাস তারে করতো যতন
চকোরের দৃঢ় ধ্যান খুব ভালোবেসে।

রূপালী ধারার আশে তরু-লতা দুলে
তেষ্টায় গুনতো জেগে অপেক্ষার শ্বাস,
ঊর্মির নাচন দেখে তটিনীর কূলে
শ্বাপদও খুশিতে হতো ডাহুকের দাস।

হায় এ কি ভগ্ন দশা সেই ষোড়শীর!
কোমরও ভুলেছে ক্ষ্যাপা সবুজের দোলা,
ছুঁড়লো কে বিষ মাখা সঙ্গোপনে তির?
নইলে হতো কি তার নীল বর্ণ গলা!

বিক্ষিপ্ত মেঘের খিল ঠেলে ত্যাড়া দাঁতে,
আকাশও ছুটে যে আজ রজনীর ঘাতে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted