কবিতা এক খুকির কথা
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৩ জুন, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

বসে আছি একা টঙের কিনারে
এক খুকি এসে কয়,
দাও না বেড়ার বন্ধন খুলে
আমি কি আপন নয়!

ওপাড়ে দেখেছি পড়ে আছে কতো
টসটসে পাকা জাম,
কুড়িয়েও খেলে করবো না বলো
হরষে তোমারি নাম!

বললুম তারে বাঁধা নেই খুকি
আরও খুশি হবো জেনে,
স্বচ্ছ পানিতে ডুবিয়ে তা খাবে
এ কথা নিলে কি মেনে?

মায়া ভরা চোখে চেয়ে সে বললো
লুকালেই অনুরাগ,
ধুয়ে এনে বুঝি তোমারে দিবো না
সমাদরে ক’টা ভাগ!

জানি না যে কেন সহসা জমলো
অক্ষি কোটরে পানি,
মনে হলো শুধু নিশ্চয় আমি
নই ওর মতো জ্ঞানী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted