| কবিতা | এই নদীর প্রেমে |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ৩০ নভেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম |
এই নদী কথা বলে চাঁদনী নিশীথে
ধারালো ধারায় টেনে খানিকটা লাজ মুখে হাসি,
ইশারায় মনে হয় আমাকেই ডাকে
অথচ হয়নি বলা কখনোই তারে
’ও হে সুনয়না তোরে বুকে রেখে খুব ভালোবাসি!’
তবুও গোপনে বসে দূর থেকে দেখি
সাজায় কেমনে ঢেউ ওই দেহে যৌবনের খেলা,
হয়তো আমারি মতো চুপিসারে খুঁজে
ছন্দিত সুডৌল নাচ বাঁকা চোখে মেঘ বেঁধে ভেলা।
এভাবেই ক্ষণ গড়ে স্বপ্নের আবাস
মৃদুলা বাতাসে চষে সযতনে প্রণয়ের সুর,
প্রিয় এ’ নদীর প্রেমে আমি তাই রচি
স্তব্ধ প্রকৃতির পায়ে জাগা এক রূপালী ঘুঙুর।