কবিতা আমি আর আসবো না ফিরে!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৪ এপ্রিল, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, বিরহ

জমলে শালিক এসে মায়াবিনী বাটে,
মাতবে ছোটুর দল টলটলে ঘাটে।
ফড়িঙের ভীরু মতি
সাজবে হাঁসের পতি
তবু না গাইলে তুমি শ্যামলা এ’ তীরে -
আমি আর আসবো না ফিরে!

ব্যাকুলে নিজেরে পেতে বকুলের ছায়,
জানি গো কাঁদবে মন দখিনা হাওয়ায়।
শাপলার হিম আঁখি
দিবে বুকে স্নেহ মাখি
বুঝেও না র’লে মেঘ তোমাকেই ঘিরে -
আমি আর আসবো না ফিরে!

উঠবে খুশিতে নেচে লহরির দেল,
পাকুড়ের আড়ে গেলে সোনালী বিকেল।
ধবল বকের সারি
উড়ে যাবে তাড়াতাড়ি
দেখে তা না স’লে তুমি বেখেয়ালে পীড়ে -
আমি আর আসবো না ফিরে!

টুপ করে মাছরাঙা ধরে এক মাছ,
লগিতে ফেলবে জানি বলিহারি শ্বাস।
ছুটুক ছাগল ছানা
অযথা রচে বাহানা
তোমায় না দেখে যদি থামে ধীরে ধীরে -
আমি আর আসবো না ফিরে!

ক্লান্ত দিনের কাজ বুকে নিয়ে যতো,
নামবে সোহাগী সাঁঝ ফি-দিনের মতো।
বাড়াতে ঝোপের খ্যাতি
জ্বালবে জোনাক বাতি
না র’লে সেখানে তুমি আশা ভরা নীরে -
আমি আর আসবো না ফিরে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted