কবিতা আমার গাঁয়ে
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৬ সেপ্টেম্বর ২০২১ইং
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
Review This Poem

আমার গাঁয়ের মেঠো পথ আজও
ডাকে দিয়ে হাতছানি,
যেথা আছে মিশে সবুজের ক্রোড়ে
মায়ের বদনখানি।

ঝোপ ঝাড়ে হাসে কলমী ধুতুরা
পাখালিরা গায় গান,
পত্র দুলায়ে বায়ু করে সদা
খুশিতে পাকুড় দান।

বরষায় ফুটে শাপলা শালুক
ভরে যায় মাছে বিল,
বতরে বতরে জেগে থাকে মাঠে
ফসলের সারে দিল।

গোধুলী বেলায় ক্যাচ ক্যাচি সুরে
গরু মহিষের গাড়ি,
ব্যাকুলে সাজায় ধুলে দিয়ে মেঘ
অস্তাচলের বাড়ি।

ভাবী ননদিনী গাগরীতে সেচে
গড়ে সবজির ক্ষেত,
সাঁঝের পিদিম জোনাকিরা জ্বালে
তাড়াতে চুন্নী প্রেত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted