| কবিতা | আবু ও হাবুর কথা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০১ মার্চ, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আবু আলী হাবু আলী – রোজ করে চুলোচুলি
খসলেই তাল থেকে তিল,
যেকেহ তুললে চড় – অন্যে ভুলে হাশর
খুব তবু দু’জনার মিল।
হাবু কভু খেলে পান – আবু পাশে গায় গান
সজোরে চিবিয়ে ডাল ভাজা,
কোথাও জিতলে আবু – ভাবে ধাপ ফেলে হাবু
যেন সে মঞ্চে জাগা রাজা।
আবু যদি কিনে হাঁস – হাবু দ্বেষে রুই মাছ
দু’পথে দু’জনে ফিরে বাড়ি,
আহারের কালে রাতে – না পেলে ছালুন পাতে
না দিয়ে খায় না কেউ আড়ি।
ধরলে হাবুর জ্বর – আবু করে ধড়ফড়
ডাক্তার এনে তবে থামে,
সুস্থ হলেই ফের – ছোড়াছুড়ি করে জের
ব্যঙ্গে দোঁহের রাখা নামে।
একদিন আবু আলী – চিরতরে গেলো চলি
ঘুমালো হাবুও করে মান,
দেখে বলে লোকজন – প্রমাণ রেখেছে ক্ষণ
দু’টি দেহে এক ছিল প্রাণ।