কবিতা মোহনা
কবি বোরহান রাব্বানী
কাব্যগ্রন্থ নিখোঁজ বিজ্ঞপ্তি
সময় ২৩ সেপ্টেম্বর ২০১৯
লিখার স্থান নাসিরাবাদ, চট্টগ্রাম
5/5 - (3 votes)

একবার এসে দেখে যাও মোহনা
আমি কী ভীষণ মৃত্যুরোগে ভুগছি।

একবার হৃদয়ের পাশে এসে বসো
হাত দু’টো চেপে ধরে বলো:
আমি কেমন হয়েছি এতদিনে?
কতটুকু বদল দেখছো চোখে মুখে ঠোঁটে,
গ্রীবায় চিবুকে
বলো মোহনা
এ বড় বোকা প্রাণ— সারা জীবন প্রণয়ের অসুখে ভুগেছে
এ চোখে অশ্রু,
মুখে শ্রী-মায়া,
ঠোঁটে উষ্ণতা পাওয়া কঠিন।
জগতের যত মায়া মুগ্ধতা এখানে ক্রমশ ফুরিয়ে গেছে
এ মরমর দেহ যে’খানে ফেলে গেছ সে’খানে পড়ে আছে
আজো।
তুমি এসে দেখে যাও
দেখে যাও মোহনা।

জগতে সব প্রিয় প্রাণ সময়ের ভাব ধুয়ে মুছে ছিড়ে কেন যায়?
শরীরে ক্ষীরের ঘ্রাণ শরীরে বিলিয়ে কী করে সহজে ঘুমায়!
পারে ঘুমুতে?
ঘুম আসে?

এত আলো পৃথিবীর বুক ছিড়ে আমাকে ক্রুর এক রাত্রির বুকে ঠাঁই করে দিতে এতটুকু কার্পণ্য করনি তুমি
আমি মৃত্যু পদযাত্রী- যেদিকে অনন্ত যামিনীর
কোলে সময় প্রবাহমান সেদিকে যাত্রা আমার;
একবার মুখ ফুটে ভালোবাসি বেরুলে তোমার সোনার সংসার ভেঙে তচনচ হবে না মোহানা
মিথ্যে হলেও বলো
বলো মোহনা
আমি সত্যি ধরে নেব।

পরপার বলে কিছু নেই জেনো
অথবা যদিও থাকে
ওপারে বিরহ কিংবা ভালোবাসা নেই।
যদি ভালোবাসো এই পারে এসো
এই পারে এসে দেখে যাও; মৃত্যু দূত এসে যাবে

আমার মৃত্যুতে এতটুকু ভয় নেই
মৃত্যু অমোঘ নিয়তি, নিয়তির ফল।
তোমাকে লেখা এই শেষ চিঠি পৌঁছাবার আগে
মৃত্যুর দূত এসে আমাকে নিয়ে না যায় শুধু এই দ্বিধা, এই ভয়।

অনেক কথা বলার ছিলো
অনেক কথা বলা হলো না
বলা গেলো না
সে যে গেলে আর একবারও তো
তুমি ফিরে এলে না।
এই শেষবার এসে দেখে মোহনা
আমি কী দারুণ আশ্বাসে চোখ দু’টো মেলে ধরে আছি।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Mohona
Mohona
2 years ago

best,viral howa cai